শ্রাবণ মাসে সবুজ চুড়ির অনুরণন : সংস্কৃতি, ফ্যাশন ও বিশ্বাসের মিলনস্থল

শ্রাবণ মাসে সবুজ চুড়ির অনুরণন : সংস্কৃতি, ফ্যাশন ও বিশ্বাসের মিলনস্থল

✍️ তাপস কুমার পাল

শ্রাবণ মাস এলেই অনেকের মনে পড়ে—শিবপূজা, উপবাস, বিল্বপত্র, আর অগাধ মনোস্কামনা পূরণের আকাঙ্ক্ষা। বিশেষ করে হিন্দু নারীদের মধ্যে এই সময়ে স্বামীর দীর্ঘায়ু, সংসারের শান্তি ও ভবিষ্যৎ মঙ্গল কামনায় শিবের আরাধনা করা এক পরম আস্থার বিষয়। তবে শ্রাবণ মাসের তাৎপর্য শুধু এখানেই সীমাবদ্ধ নয়—এটি আমাদের ধর্ম, প্রকৃতি, আত্মসংশোধন ও জীবনের গভীর উপলব্ধির মাসও।

শ্রাবণ মানে শুধুই বৃষ্টি নয়—বরং তা ধরিত্রীকে নবজীবন দানের এক সময়। শুকিয়ে যাওয়া নদী, বিবর্ণ গাছপালা, রুক্ষ মাটি—সবই নতুন প্রাণ ফিরে পায় এই সময়। এই ঋতু আমাদের শেখায় ধ্বংস নয়, সৃষ্টি ও পুনর্জন্মই প্রকৃতির গতি।

শ্রাবণ মাসে শুধু ধর্ম নয়, গান, নৃত্য, লোকজ উৎসব—সব মিলিয়ে নারীকেন্দ্রিক উৎসবগুলো শ্রাবণকে রঙিন করে তোলে।


হারিয়ালি তিজ

হারিয়ালি তিজ (Hariyali Teej) একটি জনপ্রিয় হিন্দু নারীদের উৎসব, যা বিশেষভাবে উত্তর ভারত, যেমন রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে পালন করা হয়। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে (তৃতীয়া = তৃতীয় দিন) উদযাপিত হয়। হারিয়ালি তিজ শ্রাবণ মাসের এক অনন্য উৎসব, যা শুধু ধর্ম নয়, নারীর আত্মশক্তি, প্রার্থনা এবং প্রকৃতির ছোঁয়ায় সমাজকে রাঙিয়ে তোলে। "হারিয়ালি" মানে সবুজ — যা শ্রাবণের বর্ষাকালে প্রকৃতির সজীবতা ও সতেজতাকে বোঝায়। আর "তিজ" বলতে বোঝায় তৃতীয়া তিথিতে পালিত উৎসব।

হারিয়ালি তিজ-এর মূল উদ্দেশ্য

এই দিনটি দেবী পার্বতীর সেই শুভ মুহূর্ত স্মরণে পালন করা হয়, যেদিন তিনি বহু তপস্যা শেষে শিবের সঙ্গে মিলিত হন। এটি বিবাহিত ও অবিবাহিত নারীদের জন্য এক পবিত্র দিন, যেদিন তাঁরা স্বামীর মঙ্গল ও চিরস্থায়িত্ব কামনায় উপবাস করেন।

প্রধান আচার-অনুষ্ঠান

• নারীরা উপবাস রাখেন – কখনও নির্জলা (জল না খেয়ে), কখনও ফলাহারী।

• নতুন সবুজ পোশাক ও শাড়ি পরেন, হাতে সবুজ চুড়ি, পায়ে আলতা ও মেহেদি পরেন।

• দোলনায় দোল খাওয়া এবং লোকসংগীত ও নৃত্য হয়।

• দেবী পার্বতী এবং ভোলেনাথের বিশেষ পূজা হয়।

• অবিবাহিত মেয়েরা ভালো বর পাওয়ার আশায় ব্রত পালন করে।

সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য

হারিয়ালি তিজ নারীকেন্দ্রিক উৎসব — এটি প্রেম, বিবাহবন্ধন, বিশ্বাস ও নারীর তপস্যার প্রতীক। এসময় মৌসুমি গান গাওয়া হয়, যেমন – “तीज त्यौहार आया, सावन की बहार लाया…”। এই উৎসবে প্রকৃতি, নারী ও ঐতিহ্য একসাথে মিশে এক অপূর্ব রঙিন পরিবেশ তৈরি করে।

এতো গেল এক জায়গায় সংস্কৃতি, বর্তমানে বাঙালি নারী রা সবুজ চুড়ি তে মাতোয়ারা।

"এসো হে শ্রাবণ ধারা, এসো এসো মেঘ গগনে, বাঁধো প্রেমগাঁথা হারা হৃদয়ের মাঝে গোপনে।" — রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ—এই নামেই যেন মনের ভেতর বৃষ্টির শব্দ বাজে। রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে শ্রাবণ মানেই আবেগ, প্রেম, প্রতীক্ষা আর প্রকৃতির সজীবতায় ভেজা একটি রোমান্টিক আভা। তাঁর কবিতায়, গানে, নাটকে বারবার উঠে এসেছে শ্রাবণের মেঘ, ধারা, আর হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তার প্রভাব। সেই শ্রাবণ আজও আমাদের মনে আবেগ জাগায়। কিন্তু সময় বদলেছে, সমাজ বদলেছে—শ্রাবণও যেন আজ এক নতুন কণ্ঠে কথা বলে।

আধুনিক শ্রাবণ : অভিমান ও রেশমি চুড়ি

এবারের শ্রাবণে কোথাও এক আধুনিক, বাস্তববাদী কিশোরী বা স্ত্রী গেয়ে উঠছে:-
"কিনে দে রেশমি চুড়ি, 
নইলে যাব বাপের বাড়ি, 
দিবি বলে কাল কাটালি, 
জানি তোর জারিজুরি, 
কিনে দে রেশমি চুড়ি..."

এই পঙ্‌ক্তিগুলো যেন একান্ত বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এখানে প্রেম আছে, অভিমান আছে, দাবি আছে, আর আছে সংসারের গীত। শ্রাবণের আবেগ আর চাহিদার মেলবন্ধনে তৈরি হচ্ছে এক নতুন কথকতা—যেখানে রেশমি চুড়িও শ্রাবণের ভাষা হয়ে উঠেছে। প
রবীন্দ্রনাথ যেমন হৃদয়ের গভীরে অনুভব করতেন বর্ষার প্রেম, আজকের নারীও তার ভালোবাসা প্রকাশ করছেন একটু অন্যভাবে—রূপে, রঙে, সাজে, অভিমানে।

সবুজ চুড়ি ও ঋতুচেতনা

শ্রাবণ মাস এলে প্রকৃতির চিত্রটাই যেন বদলে যায়। মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির ছোঁয়া, আর চারপাশে সবুজের বিস্তার—এই সময়ে মেয়েদের হাতে সবুজ চুড়ির ঝংকার যেন প্রকৃতির সঙ্গেই একাত্ম হয়ে ওঠে।

কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, আগে যেটি মূলত মুসলিম মহিলাদের মধ্যে প্রচলিত ছিল, সাম্প্রতিক সময়ে সেই সবুজ চুড়ি পরার রীতি এখন হিন্দু বাঙালি মেয়েরাও অনুশীলন করছেন। এটি নিছক ফ্যাশন নয়—বরং এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত।

বর্তমান সময়ে সমাজ পরিবর্তনের ব্যাখ্যা:

• সংস্কৃতির মিশ্রণ (Cultural Assimilation): 
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বহু যুগ ধরেই হিন্দু ও মুসলিম সংস্কৃতি একে অপরের সঙ্গে মিশে আছে। খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, উৎসব—সব জায়গাতেই দেখা যায় এই বৈচিত্র্যের মিলন। সবুজ চুড়ি পরার মতো একটি অনানুষ্ঠানিক রীতি এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে স্থানান্তরিত হওয়াটা একেবারেই স্বাভাবিক।

• সৌন্দর্যবোধ ও ঋতুভিত্তিক ফ্যাশন: 
সবুজ চুড়ি দেখতে যেমন মোহনীয়, তেমনি শ্রাবণের সবুজ প্রকৃতির সঙ্গে তার অদ্ভুত সামঞ্জস্য রয়েছে। চুড়ি, পোশাক ও টিপ—সবুজের এই ত্রিভুজ সাজ এখন অনেকের কাছে হয়ে উঠেছে এক ধরনের ঋতুপ্রধান রূপসজ্জা।

• আধ্যাত্মিক আকর্ষণ ও ধর্মীয় আবহ: 
হিন্দু বাঙালি নারীদের মধ্যে এখন শিব ও পার্বতীর উপাসনা, বিশেষত শ্রাবণ মাসে, আগের চেয়ে অনেক বেশি সচেতনভাবে পালন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় সবুজ চুড়ি এখন শুধুমাত্র সাজের অংশ নয়, ধর্মীয় প্রতীক হিসেবেও স্থান পাচ্ছে।

💚 কেন সবুজ চুড়ি?

🌿 জীবনের প্রতীক: সবুজ রঙকে উর্বরতা, শান্তি, সমৃদ্ধি ও নবজীবনের প্রতীক হিসেবে ধরা হয়। শ্রাবণের বর্ষামুখর পরিবেশে এই রঙ প্রকৃতির পুনর্জাগরণকে উপস্থাপন করে।

🌿 পতি-সুখ ও সংসাররক্ষার আশীর্বাদ: অনেক নারী বিশ্বাস করেন, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনার এক শুভচিহ্ন। এই রীতিটি মূলত উত্তর ভারতের হিন্দু সমাজে প্রচলিত ছিল, এখন তা বাংলাতেও গৃহীত হয়েছে।

🌿 উৎসবের অনুষঙ্গ: হারিয়ালি তিজ, মঙ্গলা গৌরী, রক্ষাবন্ধনের মতো শ্রাবণের উৎসবগুলিতে সবুজ চুড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার নারীরাও সেই উৎসব ভাবনায় নিজেদের জুড়ে নিচ্ছেন।

🌿 আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি: আয়ুর্বেদ মতে, সবুজ রঙ চোখকে আরাম দেয়, মনকে শান্ত রাখে এবং বর্ষার ক্লান্তির বিরুদ্ধে মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক।

শেষে এটাই বলার

সোশ্যাল মিডিয়া ও ট্রেন্ডস এর যুগে — ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব রিলস—এই প্ল্যাটফর্মগুলো এখন ট্রেন্ড তৈরি করে। বহু তরুণী আজ সেখানে সবুজ চুড়ি ও সবুজ সাজে নিজেদের ছবি ও ভিডিও শেয়ার করেন। এতে সমাজে তৈরি হয়েছে এক নতুন ফ্যাশন ও সংস্কৃতির ধারা।

তাই সবুজ চুড়ি এখন আর শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের প্রতীক নয়, বরং তা হয়ে উঠেছে:
🎨 ঋতুভিত্তিক সৌন্দর্যবোধ
🤝 সংস্কৃতি বিনিময়
তাই তো শ্রাবণ মাসে সবুজ চুড়ির মৃদু ঝংকার যেন বলে ওঠে—
“সবুজ মানে শুধু রঙ নয়, সবুজ মানে জীবনের আশ্বাস।”

তাই কবির কথা ধার করে বলি—
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি  সুরটি আমার মুখের 'পরে, বুকের 'পরে ॥
শ্রাবণ মানে শুধু শিবকে বলে দেওয়া "আমার ইচ্ছেপূরণ করো" নয়, বরং নিজেকেও প্রশ্ন করা—আমি কতটা বিশুদ্ধ, কতটা সহনশীল, কতটা মমতাময়?

🌿

Comments

Popular posts from this blog

একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ

বৌদ্ধ মূর্তিতে কোঁকড়ানো চুলের রহস্য

টুইংকল টুইংকল লিটল স্টার — কবিতা ও সঙ্গীত