হারিয়ে যাওয়া রান্নাপুজো : বাংলার লোকসংস্কৃতিতে ভক্তি, ঐতিহ্য ও স্মৃতির ভোজ

হারিয়ে যাওয়া রান্নাপুজো : বাংলার লোকসংস্কৃতিতে ভক্তি, ঐতিহ্য ও স্মৃতির ভোজ

©® প্রতিবেদনে - তাপস কুমার পাল


আজকের দিনে পুজো মানেই রঙিন আলোয় ঝলমলে শহর, নতুন জামাকাপড়, বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় বিরিয়ানি খাওয়া, অথবা রাত্রির আড্ডায় সুরাপান। আধুনিকতার ঢেউয়ে উৎসব হয়ে উঠেছে ভোগের প্রতীক। কিন্তু আমি যখন শৈশবের দিনগুলির দিকে ফিরে তাকাই, তখন দেখি একেবারেই ভিন্ন চিত্র। তখন পুজো মানে ছিল রান্নাপুজো—একটি পূর্ণাঙ্গ আচার, যা শুধু ভক্তি নয়, পরিবার ও সমাজকে একসূত্রে গেঁথে রাখতো। বাংলার লোকজীবন বহু আচার-অনুষ্ঠান, উৎসব ও বিশ্বাসে সমৃদ্ধ। প্রতিটি আচারেই থাকে প্রাকৃতিক উপাদান, ধর্মবিশ্বাস, পারিবারিক সংহতি এবং সামাজিক সম্পর্কের রঙিন ছবি। রান্নাপুজো তার মধ্যে অন্যতম—একটি এমন উৎসব যা এখন অনেকটাই বিস্মৃত, কিন্তু গ্রামীণ জীবনে একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল।

উৎসবের প্রেক্ষাপট

বাংলার সমাজে দেবপূজা মানেই কেবল প্রতিমা প্রতিষ্ঠা নয়। অনেক পূজা হয় গৃহকেন্দ্রিক, যা পারিবারিক মিলন ও সামাজিক সম্পর্ক দৃঢ় করার উপায়। রান্নাপুজো ছিল তেমনই একটি গৃহস্থালি পূজা। এখানে দেবতার উদ্দেশে রান্না করা খাবারই হয়ে উঠতো প্রধান নৈবেদ্য।


রান্নাঘরের রূপান্তর

পুজো শুরু হওয়ার আগে রান্নাঘরই যেন হয়ে উঠতো পবিত্র মন্দির। মাটির ঘর, কড়াই-পাতিলের গন্ধ, আর তার সঙ্গে নতুন সাজসজ্জার আমেজ। দুই দিন আগে থেকেই রান্নাঘরে চলতো প্রস্তুতি। রান্না ঘর থেকে সমস্ত বাইরে বার করে ধোয়ামোছার পাঠ শুরু হতো। মশলাপাতি রাখার জায়গায় পাল্টে যেতো। রান্না ঘরে দেওয়ালে এলা- মাটির চুনের প্রলেপ দেওয়া হতো। মুহূর্তেই বদলে যেত রান্নাঘরের চেহারা। এক অদ্ভুত গাম্ভীর্য নেমে আসতো, যেন সাধারণ রান্নাঘর আর নেই, সেটি এখন দেবতার আসন।



মায়ের পবিত্র আচার

পূজোর আগের দিন সন্ধ্যায় মা স্নান সেরে পট্টবস্ত্র পরে রান্নাঘরে যেতেন। দেবীর উদ্দেশে নিবেদন করার আগে মা নিজের শরীর-মনকে শুদ্ধ রাখতেন। উনুনে আগুন দেওয়ার আগে একটি থালায় চাল, আলু, পান আর পয়সা রেখে দেবতার উদ্দেশে নিবেদন করতেন। মা সেদিন উপবাস করতেন। তাঁর গাম্ভীর্য, শুদ্ধতার সেই আচার আমার মনে গভীর ছাপ ফেলেছিল। রান্না চলাকালীন কোনো কথা নয়, হাসি-ঠাট্টা নয়, এমনকি রান্নাঘরে প্রবেশও নিষিদ্ধ। কারণ রান্না তখন আর কেবল খাওয়ার জন্য রান্না নয়—এটি হয়ে উঠতো এক পূজা, এক নৈবেদ্য।


লোকজ খাদ্যসংস্কৃতি

রান্নাপুজোর মাধ্যমে একদিকে যেমন ভক্তি প্রকাশ পেত, তেমনি প্রকাশ পেত বাংলার খাদ্যসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য। এই রান্নাপুজোর প্রধান আনন্দ ছিল রান্না নিজেই। কত রকম পদ! সারাদিন মা পিসিমা মিলে সব্জি কাটাকাটি করতেন।কচুশাক কাটা আর চালতা থেতা ছিল বেশ মজার অনেক সময় লাগতো। বিকেলে বাজারে গিয়ে ইলিশ চিংড়ি কেনা ছিল একটা রেওয়াজ।

মোটামুটি রান্নায় থাকতো -
• মালপোয়া, কলার বড়া, সুজি, লুচি

• কচু, চালকুমড়া, সিম ও বিভিন্ন সবজির ভাজা

• ইলিশ মাছের নানা পদ

• চিংড়ি মাছে আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি

• চালতার আচার

রান্না শেষ হলে মা প্রতিটি পদ থেকে অল্প করে সরিয়ে রাখতেন, যেন দেবতার জন্য আগে ভাগ করা হলো। আর রাতে রান্না শেষ হওয়ার পর ভাতে জল দিয়ে সাঁখে ফুঁ দেওয়া হতো—ওটাই ছিল রান্না সমাপ্তির সংকেত। মনে আছে, আমাদের রান্না প্রায়শই শেষ হতো রাত দেড়টা-দুটোর সময়।  মাঝে ঘুমিয়ে পড়তাম কিন্তু তখন শিশু মনে ভীষণ মজা লাগতো—কে আগে উনুন ধরালো, কে শেষ করলো, সেসব নিয়ে উচ্ছ্বাস। সব শেষ রাত্রের খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়তাম। সব মিলিয়ে এই রান্না ছিল গ্রামীণ বাংলার রসনার এক চিত্রপট। খাবারকে দেবতার উদ্দেশে নিবেদন করার প্রথা আসলে প্রাচীন অন্নদেবী বা অন্নপূর্ণা পুজোরই  প্রতিধ্বনি।


দেবতা ও প্রতীক


পরদিন সকালে পুজোর প্রধান আয়োজন। উনুনে রাখা হতো মনসা ডাল আর কাশফুল। মাটিতে আঁকা হতো অষ্টনাগ, সামনে রাখা থাকতো দুধ-কলা। ঠাকুরমশাই এসে সমস্ত রান্না পরিপাটি করে সাজিয়ে দেবতার উদ্দেশে উৎসর্গ করতেন। আশ্চর্যের বিষয়, এই পুজোয় ফল থাকতো না। দেবতার নৈবেদ্য মানে ছিল শুধু রান্না করা পদ। এ থেকেই বোঝা যায়, রান্নাই ছিল এই পুজোর মূল সত্তা। আর এগুলি আসলে কৃষিনির্ভর সমাজের প্রতীক। কাশফুল মানে শরৎকালের সূচনা, চাল ও কলা মানে সমৃদ্ধির প্রতীক। অষ্টনাগ আঁকার মধ্যে আছে সাপ-দেবতার পূজার ছাপ, যা বাংলার লোকবিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত।



ভাগ করে নেওয়ার আনন্দ

রান্নাপুজো ছিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্পর্ক মজবুত করার এক বিশেষ উপায়। পুজোর আরেকটি বিশেষ দিক ছিল সৌহার্দ্য। রান্না শেষ হলে সেই সব পদ আশেপাশের বাড়িতে ভাগ করে দেওয়া হতো। প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই প্রথা আমাকে শিখিয়েছে—উৎসব মানেই শুধু নিজের ভোগ নয়, বরং মিলন ও সামাজিক সংহতি। রান্নাপুজো এক অর্থে ছিল আনন্দ  ভাগা ভাগির উৎসব।


ভোজনের মহোৎসব

সবশেষে প্রতীক্ষিত ভোজন। প্রথমে মালপোয়া, লুচি, সুজি, কলার বড়া। তারপরের দিন সকালবেলা পান্তাভাত, সঙ্গে আগের দিনের সব তরকারি। সেই স্বাদ ছিল একেবারে অনন্য। শুধু খাবার নয়, তার সঙ্গে জড়িয়ে ছিল হাসি-খুশির স্মৃতি, পরিবারের মিলন আর দেবতার আশীর্বাদে ভরা এক স্নিগ্ধ পরিবেশ।

আজকের তুলনা

আজ যখন দেখি পুজো মানেই রেস্তোরাঁর আড্ডা, নতুন জামা, ঝলমলে আলো, তখন মন খারাপ হয়। কোথাও যেন হারিয়ে যাচ্ছে মাটির গন্ধ, উনুনের ধোঁয়া, মায়ের ভক্তি ভরা আচার, প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ। আধুনিকতার দাপটে রান্নাপুজো এখন প্রায় বিস্মৃত, কিন্তু স্মৃতির পাতায় তা আজও জ্বলজ্বল করে।


পরিশেষে বলা যায়, লোকসংস্কৃতি মানে কেবল গান, নাচ বা গল্প নয়—আমাদের দৈনন্দিন জীবনের সেইসব আচারের সমষ্টি, যা সমাজকে একত্রে বেঁধেছে। রান্নাপুজো সেই ধারারই অমূল্য সম্পদ। আজ হয়তো তা বিলীনপ্রায়, কিন্তু স্মৃতিতে ও গবেষণায় এই আচার টিকে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে—সংস্কৃতি মানে শুধু আধুনিক ভোগ নয়, সংস্কৃতি মানে মাটির গন্ধ, ভক্তি আর মিলনের আনন্দ। আমার কাছে রান্নাপুজো কেবল একটি পুজো নয়, বরং এক অভিজ্ঞতা, এক শিক্ষালাভ। এটি শিখিয়েছে—

• ভক্তি মানে নিস্তব্ধতা আর নিষ্ঠা,

• উৎসব মানে ভাগ করে নেওয়ার আনন্দ,

• আর পরিবারের সঙ্গে মিলনের সুখই আসল ঐশ্বর্য।

আজকের প্রজন্ম হয়তো সেই রান্নাপুজো দেখেনি। কিন্তু আমার বিশ্বাস, এই পুজোর স্মৃতি ও ঐতিহ্য যদি নতুন প্রজন্মকে জানানো যায়, তাহলে উৎসবের প্রকৃত মানে তারা নতুন করে বুঝবে।

©® তাপস কুমার পাল।





Comments

Popular posts from this blog

একক বাদনের সুরে স্মরণে পণ্ডিত ভি. জি. যোগ

বৌদ্ধ মূর্তিতে কোঁকড়ানো চুলের রহস্য

টুইংকল টুইংকল লিটল স্টার — কবিতা ও সঙ্গীত